Facebook Twitter Instagram YouTube

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ঈশ্বরগঞ্জে নারী আটক


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ / ০
ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, ঈশ্বরগঞ্জে নারী আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়বাজার এলাকার কৃষি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ওই নারীর নাম নার্গিস আক্তার (৩৬)। তিনি মৃগালী গ্রামের খোকন আলীর স্ত্রী।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের দোরুয়া গ্রামের হোসনে আরা বেগম (৩২), রাবেয়া খাতুন (৫০), জোসনা খাতুন (৩০), আছিয়া খাতুন (৫৬), তন্নী আক্তার লিমা (৩৫) ও কনক মিয়া (৩৬) এই প্রতারণার শিকার হয়েছেন। পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস তাদের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দিয়ে রাবেয়া খাতুনের কাছ থেকে ১৮ হাজার এবং বাকি পাঁচজনের কাছ থেকে ১৬ হাজার টাকা করে মোট ৯৮ হাজার টাকা নেন।

টাকা নেওয়ার পর প্রায় দেড় মাস ধরে ‘আজ হবে, কাল হবে’ বলে ভুক্তভোগীদের ঘোরাতে থাকেন নার্গিস। সম্প্রতি তিনি কার্ড দেওয়ার জন্য নতুন করে আরও চার হাজার টাকা দাবি করেন। এতে ভুক্তভোগীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। ভুক্তভোগী রাবেয়া খাতুন জানান, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানের মাধ্যমে কার্ড করে দেওয়ার কথা বলেছিলেন নার্গিস। পরে অতিরিক্ত টাকা চাওয়ায় তারা বিষয়টি বুঝতে পারেন এবং বাকি টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে এনে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, ৫ অক্টোবর তিনি বিষয়টি জানতে পারেন। এরপর তাদের নাম ব্যবহার করে প্রতারণা করা নার্গিসকে বাকি টাকা দেওয়ার কথা বলে আঠারবাড়ীতে ডেকে আনা হয় এবং পুলিশের হাতে সোপর্দ করা হয়। তবে অন্য ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

আটকের পর নার্গিস আক্তারকে প্রথমে রায়বাজার তদন্তকেন্দ্রে নেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হয়ে সন্ধ্যায় তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din