Facebook Twitter Instagram YouTube

ফ্যামিলি কার্ড: সময়মতো ভাতা প্রদানে সমাজসেবা অধিদপ্তরের কঠোর নির্দেশনা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ / ০
ফ্যামিলি কার্ড: সময়মতো ভাতা প্রদানে সমাজসেবা অধিদপ্তরের কঠোর নির্দেশনা

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের কাছে ভাতার অর্থ নিয়মিত ও সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে সমাজসেবা অধিদপ্তর। প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিজ নিজ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো ভাতার অর্থ পৌঁছানোর লক্ষ্যে প্রতি মাসের কিস্তির অর্থ পাঠাতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো আবশ্যক।

মাসিক পে-রোল পাঠানোর আগে, অর্থাৎ প্রতি মাসের নির্ধারিত ২০ থেকে ২৫ তারিখের মধ্যে, উপকারভোগীদের মোবাইল ও ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ সংশোধন করে হালনাগাদ করতে হবে। এছাড়া, বিদ্যমান নীতিমালা অনুযায়ী যদি কোনো উপকারভোগীর মৃত্যু হয় বা অন্য কোনো কারণে প্রতিস্থাপনের প্রয়োজন হয়, তবে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানোর লক্ষ্যে, সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়কে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের অনুকূলে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এই পত্রটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh