Facebook Twitter Instagram YouTube

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় এফসি হিসাব খোলার সুযোগ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ / ০
বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় এফসি হিসাব খোলার সুযোগ

দেশের যোগ্য বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন থেকে তাদের অনুমোদিত মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণের অর্থ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণ করতে পারবে। এই অর্থ ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ফরেন কারেন্সি (এফসি) হিসাব খোলা ও পরিচালনার অনুমতি দিয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, বৈদেশিক অর্থায়নের আওতায় আন্তঃসীমান্ত পরিশোধের কার্যক্রম সহজ করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে মধ্য ও দীর্ঘমেয়াদি বৈদেশিক অর্থায়ন গ্রহণ করতে পারবে। এক্ষেত্রে ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) ফরেন লোন বা সাপ্লায়ার্স ক্রেডিট-সংক্রান্ত স্ক্রুটিনি কমিটি, বাংলাদেশ ব্যাংক এবং অথবা স্ট্যান্ডিং কমিটি অন নন-কনসেশনাল লোনের অনুমোদন প্রয়োজন হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য ঋণগ্রহীতার নামে এই এফসি হিসাব খুলতে পারবে।

এই হিসাবের অর্থ ঋণচুক্তি ও অনুমোদনের শর্ত অনুযায়ী আমদানি নীতি আদেশ ও বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিবিধান মেনে আমদানি মূল্য পরিশোধে ব্যবহার করা যাবে। পাশাপাশি অনুমোদিত বৈদেশিক ঋণের আওতায় বাস্তবায়নাধীন কাজের জন্য প্রয়োজনীয় প্রকৃত সেবার মূল্যও এসব হিসাবের অর্থ দিয়ে পরিশোধ করা সম্ভব হবে। এছাড়া অনুমোদিত স্থানীয় ক্রয় বা সংগ্রহের ক্ষেত্রে এফসি হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তরের সুযোগ রাখা হয়েছে। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এসব হিসাবের স্থিতির ওপর সুদ বা মুনাফা অর্জনের সুযোগও থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক ঋণ পরিশোধের কিস্তি সংরক্ষণের জন্যও বিশেষ সুবিধা দিয়েছে। ঋণচুক্তিতে ঋণ পরিশোধের জন্য অর্থ সংরক্ষণের শর্ত থাকলে ঋণের মেয়াদ পর্যন্ত এই এফসি হিসাব চালু রাখা যাবে। তবে এ ক্ষেত্রে হিসাবের স্থিতির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী তিনটি কিস্তি পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের বেশি এফসি হিসাবে রাখা যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই নতুন ব্যবস্থার ফলে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা ও তারল্য ব্যবস্থাপনা আরও সহজ হবে, যা আমদানি ও সেবা মূল্য পরিশোধ এবং ঋণের কিস্তি পরিশোধের ক্ষেত্রে বাড়তি সুবিধা তৈরি করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy