Facebook Twitter Instagram YouTube

পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর জোর


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ / ০
পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর জোর

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৬-এ বাংলাদেশ: কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও অর্জনের গতিধারা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই) ও সিটিজেনস’ ফোরাম, বাংলাদেশ (সিএফবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সম্পাদক, সাবেক কূটনীতিক এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন ড. সাখাওয়াত হোসেন সায়ান্থ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আলোচনার সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন ‘সবার সঙ্গে বন্ধুত্ব’ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির দিকে ধাবিত হয়েছে। তিনি জ্বালানি, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।

রোহিঙ্গা সংকটকে জাতীয় ও অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং বাংলাদেশের দর-কষাকষির সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম ১৭ বছরের ফ্যাসিবাদী সরকারের পর জাতিসংঘের ফোরামে বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরাকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রীর সাহসিকতার প্রশংসা করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বুলবুল সিদ্দিকী সাধারণ পরিষদে বাংলাদেশের দৃশ্যমানতাকে একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করলেও বিশ্বদরবারে দেশের বক্তব্য তুলে ধরার সক্ষমতাকে ইতিবাচক হিসেবে দেখেন। বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির জানান, সফরকালে প্রধানমন্ত্রী জেপি মরগ্যান ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন এবং জ্বালানি খাতে বাংলাদেশের বিনিয়োগ-কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. কামরুল আহসান শক্তি প্রদর্শনের চেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সক্ষমতা অর্জনের পরামর্শ দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মোস্তফা হোসাইন ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু পরিবর্তনসহ আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন। এছাড়াও চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং ব্লু ইকোনমি ও তিস্তা প্রকল্পের মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসে। অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin