
পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে শিয়ালের আকস্মিক আক্রমণে অন্তত সাতজন আহত হয়েছেন। গত সোমবার রাতে জগদল সর্দারপাড়া, যমভিটা এবং দেওয়ানহাট সাইরুল মার্কেটসহ আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহতদের মধ্যে রয়েছেন সর্দারপাড়া এলাকার মোস্তফা (৩৫), বিপ্লব (২৩), রিনা (৩৮) ও মনিরা (৪০), যমভিটা এলাকার আওয়াল (২৯) ও সৌরভ (৩০) এবং বসুনিয়া পাড়ার জয়নাল (৩৫)। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার রাতে বিভিন্ন সড়কে অবস্থানকালে বা গল্পগুজব করার সময় শিয়ালগুলো হঠাৎ করেই বিচ্ছিন্নভাবে তাদের ওপর চড়াও হয়। শিয়ালের কামড়ে অনেকের হাত, পা ও কোমরে ক্ষত সৃষ্টি হয়েছে।
আহতরা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোখলেছুর রহমান জানান, শিয়ালের আক্রমণে আহত সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের শরীরে একাধিক ক্ষত থাকায় প্রয়োজনীয় ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়িতে ফিরে গেছেন।
আপনার মতামত লিখুন :