
ফ্রান্সে গত দুই সপ্তাহ ধরে শিক্ষাখাতের সংকটকে কেন্দ্র করে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় ছাত্র বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। তাদের প্রধান অভিযোগগুলোর মধ্যে রয়েছে শিক্ষাখাতে অর্থায়ন কমিয়ে দেওয়া, শ্রেণিকক্ষে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব এবং শিক্ষকের অপ্রতুলতা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আন্দোলন এখন শহুরে সহিংসতায় রূপ নিয়েছে বলে দাবি করেছে সরকার।
দেশটির হাইস্কুল স্টুডেন্টস ইউনিয়নের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৮০০-এর অধিক স্কুল ব্লকেড করা হয়েছে। অনেক জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়ায় বিকল্প হিসেবে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছে।
আন্দোলনের প্রথম দিকে পুলিশ শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গণগ্রেপ্তার অভিযান শুরু করলে বিক্ষোভ আরও তীব্র হয়। সোমবার উত্তর ফ্রান্সে এক ১৫ বছর বয়সী শিক্ষার্থীর হাত বিস্ফোরণে উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যম 'লা ভয়েক্স নর্ড'-এর তথ্যমতে, ওই শিক্ষার্থী পুলিশের একটি গ্রেনেড হাতে তুলে নিলে তা বিস্ফোরিত হয়। সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে, সেখানে ২৫০ থেকে ৩০০ বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে শক্ত বস্তু ছুড়ছিল।
বিক্ষোভের বিস্তার সম্পর্কে রয়টার্স জানিয়েছে, মার্সেই, নাঁতেস ও লিওঁ-তে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলনের সূচনা হয়। ধারণা করা হচ্ছে, রাজধানী প্যারিসে দুপুরের পর সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে পারে।
আপনার মতামত লিখুন :