Facebook Twitter Instagram YouTube

গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেপ্তার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ / ০
গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা চক্রের ২ সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে আর্থিক প্রতারণা চালিয়ে আসা একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শুক্রবার সন্ধ্যায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন গোবিন্দগঞ্জ থানার বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. সোহেল মন্ডল (২৭) এবং মো. হেলাল ইসলাম (২২)। অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন, একটি পাসপোর্ট এবং নগদ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।

প্রতারণার ঘটনার সূত্রপাত গত ২০ জুলাই। নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. আমিনুল ইসলামের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে প্রতারকচক্র নিজেদের সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আমিনুল ইসলামের ছেলের কণ্ঠে কথা বলে তার বিশ্বাস অর্জন করে। চক্রটি দাবি করে যে, তার ছেলে তামিম আল মাহী মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে এবং তাকে ছাড়াতে হলে টাকা দিতে হবে। প্রতারকদের কথায় বিশ্বাস করে আমিনুল ইসলাম দুই দফায় মোট ৪০ হাজার টাকা নগদের মাধ্যমে প্রদান করেন। পরবর্তীতে ছেলের সাথে সরাসরি কথা বলে তিনি প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন এবং নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি পাওয়ার পর এসআরবি-১৩-এর সিপিসি-৩ গাইবান্ধার একটি দল তদন্ত শুরু করে। একপর্যায়ে চক্রটিকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধ নির্মূলে এসআরবির অভিযান অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy