
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গ্রেফতার করেছে পুলিশ। ৮০ বছর বয়সি এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য চুরি ও গুপ্তচরবৃত্তির মারাত্মক অভিযোগ আনা হয়েছে। দেশটির ফেডারেল প্রসিকিউটর কার্যালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এদিকে এই ঘটনাকে চলতি শতাব্দীর সবচেয়ে বড় গোয়েন্দা কেলেঙ্কারি বলে উল্লেখ করেছেন জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রধান রাজনৈতিক সম্পাদক। গত মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে জার্মানির পশ্চিমাঞ্চল থেকে হ্যানিংকে আটক করা হয়। একই সময়ে বাভারিয়া থেকে গ্রেফতার করা হয়েছে তার সাবেক প্রধান সহকারী ‘ম্যানফ্রেড ডি’-কে।
তদন্তকারীদের দাবি, ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা হ্যানিং পদ ছাড়ার পরও অবৈধভাবে রাষ্ট্রীয় গোপন নথির সুবিধা নিয়ে আসছিলেন। তার সাবেক সহকারী ম্যানফ্রেড ডি পরবর্তীতে নতুন গোয়েন্দা প্রধানদের অধীনে কাজ করার সুবাদে অত্যন্ত সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন। ২০১০ থেকে ২০২৬ সালের মধ্যে তিনি প্রায় ২,০০০ স্পর্শকাতর সরকারি নথি গোপনে হ্যানিংয়ের কাছে পাচার করেন। এর বিনিময়ে হ্যানিং তাকে মোটা অঙ্কের অর্থ দিতেন এবং সেসব তথ্য নিজের ব্যক্তিগত কনসালটেন্সি ব্যবসায় ব্যবহার করতেন। এছাড়া একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এবং রাজনৈতিক তথ্য পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
চাঞ্চল্যকর এই তথ্য ফাঁসের ঘটনাটি সামনে আসে সম্পূর্ণ ভিন্ন একটি মামলার সূত্র ধরে। ২০২৫ সালে জার্মান ব্যবসায়ী ক্রিস্টিনা ব্লকের সন্তানদের অপহরণ সংক্রান্ত একটি বহুল আলোচিত মামলার তদন্তের অংশ হিসেবে হ্যানিংয়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সে সময় সেখানে বিপুল পরিমাণ গোপন নথি ও সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও গুপ্তচরবৃত্তির তদন্ত শুরু হয়।
আপনার মতামত লিখুন :