
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) প্রক্রিয়া সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এই কার্যক্রম চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।
নতুন এই কাঠামোতে কার মূল বেতন কত দাঁড়াবে, তা এই বেতন নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত করা হবে। বেতন নির্ধারণের কাজ শেষ হওয়ার পর চাকরিজীবীদের প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে দেওয়া হবে। তবে সবার বকেয়ার পরিমাণ এক হবে না; এটি মূলত কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত বেতন এবং তা কার্যকর হওয়ার তারিখের ওপর নির্ভর করবে।
সরকারি চাকরিজীবীদের এই নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++)-এর পে ফিক্সেশন মডিউলে। চাকরিজীবীরা এই পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।
এই প্রক্রিয়ায় অংশ নিতে চাকরিজীবীদের পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড সংক্রান্ত তথ্য ও সংশ্লিষ্ট অফিস আদেশ বা প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে বলা হয়েছে। বিশেষ করে নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরি।
কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে বেতন নির্ধারণের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এই প্রক্রিয়ার জন্য আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত মোবাইল নম্বর প্রয়োজন হবে। এছাড়া যাদের এনআইডি নেই, তাদের চাকরির নথিতে থাকা জন্মতারিখ ও অন্যান্য তথ্য হালনাগাদ করে আবেদন করতে হবে।
আপনার মতামত লিখুন :