
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বুধবার (৭ অক্টোবর) প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। ফলে যেকোনো দিন ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করতে পারেন।
মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বর্তমানে এই চারজন আসামিই পলাতক রয়েছেন।
যুক্তিতর্ক উপস্থাপনের সময় প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবউল আলম হানিফ জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন দমনে সরকারের নেওয়া সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন। প্রসিকিউশনের ভাষ্যমতে, হানিফ একজন বেসামরিক নেতা হিসেবে অধীনস্তদের নির্দেশ প্রদান এবং টেলিফোনে কথোপকথনের মাধ্যমে আন্দোলন দমনের কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। প্রসিকিউশন এই কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। দীর্ঘ শুনানি শেষে বুধবার ট্রাইব্যুনাল-২ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখার আদেশ দেন।
আপনার মতামত লিখুন :