
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ৫ মাসে সংসদে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। সোমবার বিকেলে পিরোজপুরে পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোট চোরদের বিরুদ্ধে সব সময় চোখে চোখ রেখে কথা বলে যাচ্ছেন। এস আলম ব্যাংকসহ দেশের সম্পদ লুট ও বিদ্যুৎ খাতের দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, জনগণের সম্পদ লুটের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করতে দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্বার্থে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সংসদে কথা বলে যাচ্ছেন।
পথসভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনাইদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান এবং জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :