
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, এই সরকার ব্যর্থ হলে দেশে কারও পক্ষেই বাস করা সম্ভব হবে না। শনিবার দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন এবং আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মাঝি।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এরপরও যদি কাজে অনিয়ম করা হয়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন নরম থাকার উপায় ছিল, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। অনিয়মের বিরুদ্ধে টার্মিনেশন বা সাসপেনশনের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, তাই জুলাই অভ্যুত্থানের পর এই সময়ে যদি আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হই, তবে শুধু সরকার নয়, আপনারাও শেষ হয়ে যাবেন। তাই দায়িত্ব পালনে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ওয়ার্ড, রান্নাঘর, টয়লেট, স্টোররুম এবং অপারেশন থিয়েটার ঘুরে দেখেন এবং রোগীদের সমস্যার কথা শোনেন। এরপর হাসপাতালের সামনের দুটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নরমাল ডেলিভারি সেবা না থাকায় 'মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক' সিলগালা করে দেওয়া হয়। এছাড়া 'পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টার' বন্ধ ঘোষণা করে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় সেটিও সিলগালা করা হবে বলে জানানো হয়।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের পুরোনো ক্ষতিগ্রস্ত ভবন দ্রুত অপসারণ এবং সিজারিয়ান অপারেশনের কার্যক্রম পুনরায় শুরুর আশ্বাস দিয়েছেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্লিনিক দুটি পরিদর্শনে এসে আমরা কোনো ধরনের লাইসেন্স পাইনি। এমনকি তাদের নরমাল ডেলিভারি সেবাও ছিল না। এছাড়াও বিভিন্ন অনিয়ম আমরা পেয়েছি। তাই ৭ দিন বন্ধ রাখার কথা বলেছি। এর মধ্যে কাগজপত্র দিতে পারলে আবার চালু হবে। দেশের স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
আপনার মতামত লিখুন :