Facebook Twitter Instagram YouTube

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ /
সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ বা নৌ-অবরোধ ঘোষণা করেছে। গত সপ্তাহে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনার পর সোমবার আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘চোখের বদলে চোখ’ নীতির ওপর ভিত্তি করে সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ-অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের যে অব্যাহত অবরোধ রয়েছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি আর সহ্য করা হবে না।

ইয়াহিয়া সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবরোধের জবাব অবরোধ দিয়েই দেওয়া হবে এবং যেকোনো উত্তেজনার বিপরীতে আরও কঠোর উত্তেজনা প্রদর্শন করা হবে। হুতিদের দাবি, গত সপ্তাহে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জন্য সৌদি আরব দায়ী। এর প্রতিশোধ হিসেবে তারা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে মুখপাত্র সারি উল্লেখ করেন। তিনি বলেন, সৌদি আরবের যেকোনো বেপরোয়া পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এবং যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের সহায়তা করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh