Facebook Twitter Instagram YouTube

হল ফি কমানোর দাবিতে উত্তাল তিতুমীর কলেজ, বিক্ষোভ শিক্ষার্থীদের


প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ / ০
হল ফি কমানোর দাবিতে উত্তাল তিতুমীর কলেজ, বিক্ষোভ শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা হল ফি পুনর্নির্ধারণের দাবিতে বিক্ষোভ করেছেন। সোমবার (২০ জুলাই) রাতে কলেজের হল গেটের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবিগুলো তুলে ধরেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা হলেও তিতুমীর কলেজে তা ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এই অতিরিক্ত ফি পরিশোধ করতে গিয়ে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ছেন বলে তারা জানিয়েছেন।

আন্দোলনকারীদের ভাষ্যমতে, কয়েকদিনের আন্দোলনের পর কলেজ প্রশাসন ফি কমানোর আশ্বাস দিলেও নতুন প্রজ্ঞাপনে মাত্র ২০০ টাকা কমানো হয়েছে। শিক্ষার্থীরা একে ‘প্রহসন’ ও ‘প্রতারণা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, প্রশাসন প্রথমে ৭ হাজার টাকা করার আশ্বাস দিলেও পরে ৮ হাজার থেকে কমিয়ে ৭ হাজার ৮০০ টাকা করেছে, যা শিক্ষার্থীদের সঙ্গে উপহাসের শামিল।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, হল ফি কমানোর স্মারকলিপি দেওয়া হলেও প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের পরিবর্তে মাত্র দুইজন ছাত্রনেতাকে ডেকে সমাধান করতে চেয়েছে। তাদের দাবি, হাজার হাজার শিক্ষার্থীর সিদ্ধান্তের একক মালিকানা এই দুই ছাত্রনেতার নয়, বরং তা সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

শিক্ষার্থীরা হল ফি ৬ হাজার টাকায় নামিয়ে আনা, সব ধরনের ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণ এবং কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তারা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor