
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর অসুস্থতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, অসুস্থ শাবানা আজমিকে তার চারপাশের লোকজন ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা নিরাপত্তারক্ষীদের দ্রুত গেট খুলে দেওয়ার অনুরোধ জানালে পরবর্তীতে তা খুলে দেওয়া হয়। এরপর অভিনেত্রীকে সিকিউরিটি কেবিনের কাছে নিয়ে বসিয়ে বিশ্রামের ব্যবস্থা করা হয়।
গত রবিবার থেকেই যন্তর মন্তরে সিজেপি-র অনশনরত অভিজিৎ দীপকসহ অন্যান্য আন্দোলনকারীদের সমর্থন জানাতে উপস্থিত ছিলেন শাবানা আজমি। পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তাদের এই প্রতিবাদ সম্পূর্ণ শান্তিপূর্ণ। মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে গণতান্ত্রিক অধিকার বজায় রাখাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
প্রতিবাদে অন্য বলিউড তারকাদের অংশগ্রহণ না থাকা নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে শাবানা আজমি পাল্টা প্রশ্ন তুলে বলেন, কেন কেবল চলচ্চিত্র ব্যক্তিত্বদেরই এই প্রশ্ন করা হয়, শিল্পপতি বা ব্যবসায়ীদের নয়? তার মতে, তারকাদের ওপর অতিরিক্ত নজর দিলে আন্দোলনের মূল ইস্যুগুলো আড়ালে পড়ে যায়। উল্লেখ্য, সিজেপি-র এই আন্দোলনে শাবানা আজমি ছাড়াও স্বরা ভাস্কর, প্রকাশ রাজ ও পুনম পান্ডের মতো তারকারা এসে সংহতি জানিয়েছেন। একদিকে অভিনেত্রীর অসুস্থতা নিয়ে নেটিজেনরা উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে তারকাদের আন্দোলনমুখী ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো চর্চা চলছে।
আপনার মতামত লিখুন :