
সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয় আগামী ২৭ জুলাই পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ অসত্য, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছে। মঙ্গলবার (২১ জুলাই) এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি স্পষ্ট করেছে যে, বোর্ডের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
কমিটি জানিয়েছে, ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’-এর নাম ব্যবহার করে এই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সাথে এই ভুয়া বিজ্ঞপ্তির কোনো সংশ্লিষ্টতা নেই।
পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্ট সকলকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। কোনো তথ্য সঠিক যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়, এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্ত, সময়সূচির পরিবর্তন বা যেকোনো নির্দেশনা শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত হয়। জনস্বার্থে এই ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :