
ফিফা র্যাঙ্কিংয়ে ৫ বনাম ১৩৮-এর লড়াইয়ে ফলাফল প্রত্যাশিতই ছিল। ব্রাজিলের দাপট ও জয় থাকলেও ম্যাচে ভারতের পারফরম্যান্স নজর কেড়েছে। যদিও সেলেসাওরা ৪-০ গোলে ম্যাচটি জিতেছে, তবুও ভারতের আক্রমণ এবং গোলের সুযোগ তৈরির ক্ষমতা দর্শকদের মন জয় করেছে। পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাস বাড়িয়ে আজ মাঠে নেমেছিল ভারত।
ম্যাচের আগে গ্যালারিতে দর্শকের খরা থাকলেও মাঠের ভেতরে হাই-ভোল্টেজ লড়াইয়ের আবহ ছিল। কোচ খালিদ জামিল ৪-২-৩-১ ছকে অনিরুদ্ধ থাপা ও আপুইয়াকে মাঝমাঠে রেখে এবং আক্রমণভাগে মনবীর ও রায়ান উইলিয়ামসদের নিয়ে দল সাজিয়েছিলেন। ম্যাচের শুরু থেকেই ভিনিসিয়ুস জুনিয়র বাঁ দিক থেকে একের পর এক আক্রমণ শানাতে থাকেন, যা গুরপ্রীত দুর্দান্ত বুদ্ধিমত্তায় প্রতিহত করেন।
তবে ২৮তম মিনিটে সেই প্রতিরোধ ভেঙে যায়। বক্সের ডান প্রান্তে ফাঁকা জায়গা তৈরি করে বাঁ পায়ের চমৎকার শটে বল জালে জড়িয়ে ব্রাজিলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এস্তেভাও গনসালভেস। এর কিছুক্ষণ পর পেদ্রোর একটি জোরালো হেড পোস্টে লেগে ফিরে আসে। ৪২ মিনিটে এস্তেভাওয়ের বাড়ানো বল থেকে পেদ্রো ঠান্ডা মাথায় শট নিয়ে গুরপ্রীতকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই কোচই একাদশে একাধিক পরিবর্তন আনেন। ভারতের হয়ে গোলপোস্টের নিচে আসেন প্রভসুখন সিং গিল এবং মাঠে নামেন জয় গুপ্তা ও মহম্মদ সানান। অন্যদিকে ব্রাজিল তুলে নেয় ভিনিসিয়ুস, মার্কুইনহোস ও দানিলোর মতো তারকাদের; মাঠে নামেন ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ ও স্যামুয়েল লিনো। গোলকিপার বদলেও ভারতের ভাগ্যের চাকা ঘোরেনি। ৫৮তম মিনিটে ভারতীয় ডিফেন্সের বিজয় ভার্গিস বলের নিয়ন্ত্রণ হারালে বল কেড়ে নেন লিনো এবং দূরপাল্লার বাঁকানো শটে সেকেন্ড পোস্টে বল জড়িয়ে ৩-০ করেন।
পিছিয়ে পড়েও ভারত লড়াই থামায়নি। ৫৫ মিনিটে মার্কুইনহোসের কড়া চ্যালেঞ্জের মুখেও মনবীর বাঁ পায়ের শট নিয়েছিলেন, যা ঝাঁপিয়ে বাঁচান ব্রাজিলিয়ান কিপার মরিস্কো। ৬৪ মিনিটে ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তে রায়ান উইলিয়ামস ব্রাজিল কিপারের মাথার ওপর দিয়ে বল ভাসিয়ে দিয়েছিলেন, কিন্তু গোললাইন থেকে সেই নিশ্চিত বল ক্লিয়ার করে ভারতকে গোলের সুযোগ থেকে বঞ্চিত করেন মাউরো জুনিয়র। ৬৭ মিনিটে মনবীরের বাড়ানো ভাসানো বল ফাঁকায় পেয়েও বাইরে মেরে সুযোগ নষ্ট করেন উইলিয়ামস।
৮৪ মিনিটে একসঙ্গে পাঁচটি বদল করে বিক্রম প্রতাপ, মেহতাব সিং ও ম্যাককারটনদের মাঠে নামিয়ে দেন খালিদ জামিল। ম্যাচের শেষ মিনিটে প্রভসুখন গিল ভানডারসনের একটি নিশ্চিত শট বাঁচিয়ে প্রশংসা কুড়ালেও শেষ রক্ষা হয়নি। ইনজুরি টাইমের অন্তিম মুহূর্তে বাঁ দিক দিয়ে উঠে ম্যাককারটনকে বডি ড্রজে পরাস্ত করে বুলেট শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন স্যামুয়েল লিনো।
আপনার মতামত লিখুন :