Facebook Twitter Instagram YouTube

ইবিতে ব্যানার টাঙানোয় ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ / ০
ইবিতে ব্যানার টাঙানোয় ছাত্রশক্তির আহ্বায়ককে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টাঙানোর ঘটনায় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই শোকজ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসের ঝাল চত্বরে গাছের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নামসংবলিত ব্যানার টাঙানোর বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার দায়ে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে ফুয়াদ হাসানকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার ধারাবাহিকতায় জানা যায়, সোমবার দুপুরে ছাত্রশক্তির নেতারা ক্যাম্পাসের ঝাল চত্বরে ওই ব্যানারটি টাঙিয়েছিলেন। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমানের উপস্থিতিতে তা অপসারণ করা হয়। সোমবার সন্ধ্যায় ফুয়াদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে স্ট্যাটাস দেন এবং মঙ্গলবার দুপুরে আবারও একই ব্যানার টাঙান। এর পরিপ্রেক্ষিতেই প্রক্টর অফিস থেকে এই শোকজ নোটিশ পাঠানো হয়।

বিষয়টি নিয়ে সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে ফুয়াদ হাসান জানান, ব্যানারটি আবারও ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, ‘আজকে এই সরকার, এই প্রশাসন পুরোপুরি স্বৈরাচার হয়ে গেছে। আমাদের সব রক্ত, শহীদদের রক্ত বৃথা চলে গেছে—এটুকুই আমরা বলব। আমরা সরকারের সমালোচনা করে একটি ব্যানার লাগাতে পারলাম না। এই বিচার আমি কার কাছে দেব, জানি না। বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজের কাছে আমি এই বিচার দিলাম।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এখন হয়তো তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ জারি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক লাইভে এসে বিষয়টি জানান ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh