
আগস্ট মাসে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসেও উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে নতুন এই দর ঘোষণা করেছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা হয়েছে। এতে লিটার প্রতি দাম বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১ দশমিক ০৩৫৮ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৭৭০ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির আদেশে জানানো হয়েছে, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত জেট এ-১-এর প্লাটস রেটের গড় এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনা করে শুনানি শেষে এই নতুন দাম ঠিক করা হয়েছে।
এর আগে আগস্ট মাসে জেট ফুয়েলের দাম এক লাফে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছিল। তার আগে টানা তিন দফায় এই জ্বালানির দাম কমানো হয়েছিল। সবশেষ জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসগুলোতেও ধারাবাহিকভাবে দাম সমন্বয় করা হয়েছিল। জুনের জন্য দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা, ২৩ মে ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে ১৬৫ টাকা ৮৮ পয়সা এবং ৭ মে ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :