Facebook Twitter Instagram YouTube

সাংবাদিক অপহরণ ও মুক্তি: রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিলেন কামরুজ্জামান বাবলু


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ / ০
সাংবাদিক অপহরণ ও মুক্তি: রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিলেন কামরুজ্জামান বাবলু

৩০ সেপ্টেম্বর, বুধবার দুপুর আড়াইটার দিকে ফেসবুক মেসেঞ্জারে ‘মামুন শেখ’ নামে এক ব্যক্তির ডাকে সাড়া দিয়ে জুরাইন পোস্তগোলা ওভারব্রিজের ঢালে যান দৈনিক এদিনের বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান বাবলু। গুরুত্বপূর্ণ তথ্যের প্রলোভন দেখিয়ে মামুন ও তার সহযোগী অনিক সাংবাদিক বাবলুকে একটি গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। সরল বিশ্বাসে গাড়িতে ওঠার মুহূর্তেই বাবলুকে পেছন থেকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে ফেলা হয়। গাড়িতে থাকা আরও তিন যুবক ধারালো অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করে এবং হাত-চোখ বেঁধে ফেলে।

প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা গাড়ি চলার পর বাবলুকে একটি নির্জন বনাঞ্চলে নিয়ে যাওয়া হয়। অপহরণকারীরা তাকে শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখির জন্য গালিগালাজ করে এবং জানায় এটি টুঙ্গিপাড়া। শারীরিক নির্যাতনের পাশাপাশি তারা বাবলুর মোবাইলের সিকিউরিটি প্যাটার্ন ও ব্যাংক কার্ডের পাসওয়ার্ড ছিনিয়ে নেয়। ওই দিন রাত ৯টার দিকে স্ত্রীর সঙ্গে কথা বলতে বাধ্য করা হলেও অপহরণকারীরা বাবলুকে ফোনে পূর্ণ স্বাধীনতা দেয়নি। পল্টন থানায় বাবলুর পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে পুলিশ যোগাযোগের চেষ্টা করলেও অপহরণকারীরা বাধা দেয়। পরবর্তীতে গোপালগঞ্জের একটি এটিএম বুথ থেকে বাবলুর ব্যাংক কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

ঘটনার পরদিন ভোরে অপহরণকারীরা যখন পরবর্তী পরিকল্পনা করছিল, সেই সুযোগে বাবলু কৌশলে তাদের নজর এড়িয়ে প্রধান সড়কে চলে আসেন। একটি পিকআপ ভ্যান থামিয়ে সাহায্য চাইলে চালক তাকে বাগেরহাটের মোল্লাহাট এলাকায় নামিয়ে দেন। সেখান থেকে বাবলু বাস কাউন্টারের সহায়তায় পরিবারের সাথে যোগাযোগ করে ঢাকায় ফিরে আসেন।

এই ঘটনায় কামরুজ্জামান বাবলু মঙ্গলবার ঢাকার মহানগর মুখ্য হাকিমের আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেছেন (নং-২৮২/২৬)। মামলার আরজিতে ব্যাংক হিসাব, বিকাশের লেনদেন, মোবাইল নম্বর ও আইএমইআই নম্বরসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সাংবাদিক বাবলু বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এই ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ), রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) ও কুমিল্লা সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনগুলো দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin