
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য প্রণীত অধ্যাদেশটি ইতোমধ্যে আইনে পরিণত করা হয়েছে। তবে এই সুরক্ষাকে আরও সুনির্দিষ্ট ও শক্তিশালী করতে সাংবিধানিক কাঠামোর তফসিলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে তাদের দায়মুক্তি ও সুরক্ষা সাংবিধানিকভাবে ধারণ করা যায়।
বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে মন্ত্রী জানান, ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার দোসরদের পাশাপাশি যারা মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের প্রক্রিয়া দ্রুততর করার বিষয়ে সরকার আন্তরিক। মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতে চলমান মামলাগুলোর বিচারকাজ ত্বরান্বিত করার লক্ষ্যেই সরকার কাজ করছে বলে তিনি নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :