
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুক্রবার দুপুরে একটি ঝটিকা মিছিল বের করেন। দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি স্থায়ী হয়েছিল মাত্র পৌনে এক মিনিটের মতো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলটি বের করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থল থেকে পুলিশ আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে পুলিশের রাবার বুলেটের আঘাতে কেউ আহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, মিছিলকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ককটেল ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মো. আরাফাত ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে এবং যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকশ মানুষকে মিছিল করতে দেখা গেছে, যেখানে তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।
আপনার মতামত লিখুন :