Facebook Twitter Instagram YouTube

হুথিদের লোহিত সাগর উপকূল দখলকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ /
হুথিদের লোহিত সাগর উপকূল দখলকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের

ইয়েমেনের লোহিত সাগরের পুরো উপকূলীয় অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তাদের এই অগ্রযাত্রা এখন কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির মুখ পর্যন্ত পৌঁছে গেছে। গত বৃহস্পতিবার বন্দরনগরী মোখা দখলের মাধ্যমে সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের ওপর তারা বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

হুথিদের এই সামরিক সাফল্যকে অভিনন্দন জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের এই অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘হুথিদের এই অগ্রযাত্রা হলো এক ঐশ্বরিক বিজয় এবং অত্যন্ত কঠিন সব যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর ধরে অটল থাকার ফসল।’

গত ২৪ ঘণ্টা ধরে ইরানের শীর্ষ কর্মকর্তারা হুথিদের এই কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করছেন। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার এ বিষয়ে বলেছেন, ‘প্রতিরোধ আন্দোলনের নিজস্ব দৃঢ় সংকল্প যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত ও রণকৌশলগত অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে।’

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১২আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২৫

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh