
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি ঢাকা থেকে পর্যটকদের নিয়ে নিকলী হাওরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়িই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মারা যান এবং গাড়িতে থাকা কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :