Facebook Twitter Instagram YouTube

পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা চালুর উদ্যোগ ও সমঝোতা স্মারক


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ণ / ০
পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা চালুর উদ্যোগ ও সমঝোতা স্মারক

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় ভাষা শিক্ষা চালুর একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই পরিকল্পনার অংশ হিসেবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশে অবস্থিত কোরিয়ান দূতাবাসের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৬ অক্টোবর পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়াত জাহান কোরিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় পবিপ্রবিতে কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম চালুর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতবিনিময় সভায় পবিপ্রবি এবং কোরিয়ান দূতাবাসের মধ্যে কোরিয়ান ভাষা শিক্ষা, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) সম্পাদনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, কোরিয়ান দূতাবাসের থার্ড সেক্রেটারি সু হিউন এবং সিনিয়র কনসুলার অ্যান্ড সিকিউরিটি অফিসার শিন জি ইউন উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy