
দীর্ঘ ১৭ বছর দলীয় প্রভাবের মুখে জিম্মি থাকার পর অবশেষে নিজেদের পৈতৃক ও রেকর্ডভুক্ত জমি ফেরত পেয়েছেন প্রবাসী শরিফুল ইসলাম ও তার শরিকরা। সাতক্ষীরার দেবহাটা থানার বালিথা মৌজার 'ধাপার ঘের' এলাকায় অবস্থিত ৮ দশমিক ১৫ একরের এই জমিটি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি এবং তার সহযোগীদের দখলে ছিল। দীর্ঘ এই সময় পর জমি ফিরে পাওয়ায় ভুক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের এবং তাদের সহযোগীরা জমিটি জবরদখল করে মৎস্য চাষ শুরু করেন। ক্ষমতার দাপট ও প্রাণনাশের হুমকির কারণে ভুক্তভোগী পরিবারটি দীর্ঘদিন কোনো প্রতিবাদ করার সাহস পায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শরিফুল ইসলাম দেশে ফিরে আসেন। ঘটনার ধারাবাহিকতায় চলতি বছরের ৩ জুলাই সকালে তিনি স্বজনদের নিয়ে জমিতে গেলে রওশন আরা রুবি, তার ছেলে জায়েদ বিন কাদের, মাহাফুজ সরদার, বনি আমিন ও আব্দুল আলিমসহ ১০-১৫ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর চড়াও হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
এই ঘটনার পর পরিবারটি সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানালেও দেবহাটা থানা পুলিশের নির্দেশ সত্ত্বেও অভিযুক্তরা মীমাংসায় উপস্থিত হননি। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতাদের উপস্থিতিতে সালিশ বৈঠক হলেও রওশন আরা রুবি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তা ত্যাগ করেন। এছাড়া, জমি সংক্রান্ত মামলায় নিম্ন আদালত ও জজ কোর্টে হেরে যাওয়ার পরও রুবি হাইকোর্টে রিট করার বিষয়টি সাংবাদিকদের সামনে ভুলভাবে উপস্থাপন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতায় গত মঙ্গলবার পরিবারটি আনুষ্ঠানিকভাবে তাদের পৈতৃক সম্পত্তির দখল বুঝে পেয়েছে। তবে শরিফুল ইসলাম ও তার পরিবার আশঙ্কা প্রকাশ করেছেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেত্রীর পুত্র ছাত্রলীগ নেতা জায়েদ বিন কাদের তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করার পাঁয়তারা করছেন। এই চক্রান্ত থেকে রক্ষা পেতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পরিবারটি সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
আপনার মতামত লিখুন :