Facebook Twitter Instagram YouTube

ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় শুরু


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ /
ভারত-বাংলাদেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালুর তোড়জোড় শুরু

দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নতির সূচক হিসেবে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দায়িত্ব গ্রহণের পরপরই ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেওয়া হয়, যা বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর প্রেক্ষিতে ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনের পক্ষ থেকে দেশটির রেল মন্ত্রণালয়ের কাছে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালু করার অনুরোধ জানানো হয়েছে। এই বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে এবং রেল মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হয়েছে এবং বাংলাদেশ সরকারের রেলমন্ত্রীও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, পূর্বের সূচি অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন এই যাত্রীবাহী ট্রেনটি চালানোর পরিকল্পনা রয়েছে। তবে এই পরিষেবা শুরুর জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কাস্টমস কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে। ভারতের রেল মন্ত্রণালয় ইতিমধ্যেই পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারকে মৈত্রী এক্সপ্রেস চালু করার প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার লিখিত নির্দেশ দিয়েছে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে রেলবোর্ডকে জানানোর নির্দেশনা দিয়েছে।

পূর্ব রেলওয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তারিখ ঘোষণা হওয়া মাত্রই পরিষেবা চালু করতে তারা প্রস্তুত। ট্রেনটির রেক ও কোচগুলো পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ২০২৪ সালের ১৯ জুলাই থেকে মৈত্রী এক্সপ্রেস পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। একই সময়ে কলকাতা-খুলনা রুটের বন্ধন এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটের মিতালী এক্সপ্রেসও বন্ধ হয়ে যায়। সেই সময় বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় ভারতীয় রেকগুলো পাঁচ মাস বাংলাদেশে থাকার পর ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। বর্তমানে শুধুমাত্র মৈত্রী এক্সপ্রেস চালুর কথা জানা গেলেও, পর্যবেক্ষকদের মতে, এটি চালু হলে পর্যায়ক্রমে বন্ধন ও মিতালী এক্সপ্রেসও পুনরায় শুরু হতে পারে।