
নীলফামারীর ডোমার উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত মিথিলা ভ্যান দুমড়ে-মুচড়ে ভ্যানচালকসহ চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও তার দুই শিশু সন্তান রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানটিকে একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুইজন গুরুতর আহত হন।
নিহতরা হলেন নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ও ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই শিশু সন্তান পিতোসা (৮) ও যাদব (৪)।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। গুরুতর আহত দুইজনকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :