Facebook Twitter Instagram YouTube

সতর্কবার্তা উপেক্ষা করায় বাণিজ্যিক জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ /
সতর্কবার্তা উপেক্ষা করায় বাণিজ্যিক জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালী ও ওমান উপকূলে তীব্র উত্তেজনার মধ্যে একটি বাণিজ্যিক জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগে এই হামলা চালানো হয়েছে বলে রোববার (১২ জুলাই) ভোরে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে। তবে আক্রান্ত জাহাজটির পরিচয়, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, ওমানের ৯ নটিক্যাল মাইল পূর্বে একটি অপ্রীতিকর ঘটনার রিপোর্ট তারা পেয়েছে। সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে সংস্থাটি জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে কনটেইনার জাহাজটির পেছনের অংশে ব্যাপক ক্ষতি হয়েছে এবং এর ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছে।

এর আগে রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনী ঘোষণা দিয়েছিল যে, এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকবে। অনুমোদিত রুট অনুসরণের নির্দেশ উপেক্ষা করার পর ইরান জানায়, এখন থেকে এই জলপথ দিয়ে কোনো জাহাজকে যাতায়াত করতে দেওয়া হবে না।

এই হামলার পরপরই দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, জাস্ক, কেশম দ্বীপ এবং বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকায় বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজে ইরানের এই হামলার জবাবে তারা চলতি সপ্তাহে ইরানের বিরুদ্ধে তৃতীয় দফার সামরিক অভিযান শুরু করেছে। সেন্টকমের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াই তাদের এই অভিযানের মূল লক্ষ্য।