
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে রোববার তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করে এই আবেদন করা হয়।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম এই আবেদনটি করেছেন। বর্তমানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে আবেদনের ওপর শুনানির প্রস্তুতি চলছে। অন্যদিকে, আখতারুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন এবং তারা আদালতের এজলাসে অবস্থান করছেন।
গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগবিতণ্ডা হয় এবং তিনি তাকে হুমকি দেন।
মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দিলে এক নিরাপত্তাকর্মীর সঙ্গে তিনি অসদাচরণ করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তিনি জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেছেন বলেও উল্লেখ রয়েছে।
এর আগে শনিবার আদালত একই মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ডিবি পুলিশ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে বিমানবন্দর থানার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আপনার মতামত লিখুন :