Facebook Twitter Instagram YouTube

পুরান ঢাকায় হোটেলে ঢুকে ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা, বাবা-ছেলে পলাতক


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ / ০
পুরান ঢাকায় হোটেলে ঢুকে ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা, বাবা-ছেলে পলাতক

পুরান ঢাকার টিকাটুলীর জয়কালী মন্দিরের পাশে অবস্থিত হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেলটিতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক ও কর্মীসহ আরও চারজন আহত হয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় রাত একটার দিকে, যখন হোটেলের সামনে মুরগির পাইকারি বাজার থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ওরফে এ্যানির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হোটেল কর্তৃপক্ষ এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনা কক্ষে রাখে এবং থানায় খবর দেয়। পরে এনায়েতের ছেলে ইরান কাজী হোটেলে এসে বাবাকে ছাড়ানোর চেষ্টা করলে পুনরায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই পর্যায়ে বাবা ও ছেলে ধারালো অস্ত্র দিয়ে হোটেলের কর্মীদের ওপর হামলা চালান। ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমুর রহমান মারা যান।

নিহতের পরিবার ও স্বজনদের দাবি, এটি কেবল মুরগি ঢোকার ঘটনা নয়, বরং এর পেছনে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদ জানান, এনায়েত কাজী স্থানীয়ভাবে প্রভাবশালী এবং কিছু সন্ত্রাসীর সঙ্গে তাঁর সখ্য রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে হোটেলের কাছে চাঁদা দাবি করে আসছিলেন এবং হোটেলের সামনে মুরগির দোকান বসানো নিয়ে বাধা দেওয়ায় হোটেল কর্মীদের ওপর ক্ষিপ্ত ছিলেন। স্থানীয় চা দোকানিদের তথ্যমতে, গত ৫ আগস্টের পর থেকে হোটেলের সামনে মুরগির বাজার বসানো শুরু হয়, যা হোটেল কর্তৃপক্ষ পছন্দ করত না।

ঘটনার পর হোটেলটির নিচতলার মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। হোটেলের অভ্যর্থনা কক্ষের মেঝেতে এখনো রক্তের দাগ ও নিহত নাঈমুরের রক্তমাখা জুতা পড়ে থাকতে দেখা গেছে। কর্মরত হোটেল বয় জাকির হোসেন জানান, ঘটনার সময় তিনি ওপরে থাকায় সরাসরি সংঘাত দেখেননি, তবে হট্টগোল শুনে নিচে নামতে গিয়ে বাধার সম্মুখীন হন। এই ঘটনার পর হোটেলের ১০ জন অতিথি ভয়ে হোটেল ছেড়ে চলে গেছেন। হোটেলের ইমাম আবুল হোসেন জানান, নিহত নাঈমুর প্রায় পাঁচ বছর ধরে অত্যন্ত ভদ্রভাবে সেখানে কাজ করছিলেন।

ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী জানান, সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারী এনায়েত ও ইরানকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ওয়ারী থানার পাশাপাশি ডিবি পুলিশ ঘটনার ছায়া তদন্ত করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo