
ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে ডরিনকে হেফাজতে নেয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে তাঁর স্থায়ী ঠিকানা হলেও তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করে আসছিলেন।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে নিখোঁজ হন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। পরবর্তীতে সেখানে তিনি হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য সামনে আসলে আলোচনায় আসেন ডরিন। বাবার নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের পর থেকেই বিচার দাবিতে রাজপথ ও গণমাধ্যমে সোচ্চার বক্তব্য দিয়ে আসছিলেন তিনি।
তবে ঠিক কোন মামলায় মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত বা নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :