Facebook Twitter Instagram YouTube

পোলট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, জনস্বাস্থ্যে বড় ঝুঁকি


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ / ০
পোলট্রি খামারে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, জনস্বাস্থ্যে বড় ঝুঁকি

মাছ, হাঁস ও মুরগির দ্রুত বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের নামে খামারে নির্বিচারে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগেই খাবারের সঙ্গে কিংবা সরাসরি পানিতে মিশিয়ে এসব ওষুধ প্রয়োগ করা হচ্ছে। বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফিড ব্যবসায়ীদের নির্দেশনায় চলছে এই প্রয়োগ। এতে প্রাণী ও মাছের শরীরে তৈরি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর)। খাদ্য ও পরিবেশের মাধ্যমে প্রতিরোধী জীবাণু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। ফলে একদিকে অকার্যকর হয়ে পড়তে পারে জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক, অন্যদিকে দূষিত হচ্ছে জলাশয় ও পরিবেশ।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাণী বা মাছকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত তার মাংস, ডিম বা দুধ বাজারজাত করা উচিত নয়। ওষুধের ধরন অনুযায়ী নির্ধারিত এ সময়কে বলা হয় ‘উইথড্রয়াল পিরিয়ড’ বা প্রত্যাহারকাল। এ সময়ে ওষুধের অবশিষ্টাংশ শরীর থেকে প্রাকৃতিকভাবে বেরিয়ে নিরাপদ মাত্রায় নেমে আসে। কিন্তু অনেক খামারি এ নিয়ম মানছেন না। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পরপরই বাজারে বিক্রি করছেন মাছ ও মুরগি। এভাবে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ খাদ্যে প্রবেশ এবং প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে তৈরি হওয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বা ‘সুপারবাগ’ ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট হয়ে উঠতে পারে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষজ্ঞদের মতে, পোলট্রি খাতে পেনিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন ও বিভিন্ন ধরনের সালফোনামাইড ব্যবহার হচ্ছে। এসব ওষুধের কয়েকটি মানবচিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কলিস্টিন অন্যান্য অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেলে গুরুতর সংক্রমণের চিকিৎসায় শেষ অবলম্বন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই এ ধরনের ওষুধের অযৌক্তিক ব্যবহার ভবিষ্যতে মানবচিকিৎসার জন্য বড় সংকট তৈরি করতে পারে। বিশেষজ্ঞের পরামর্শ ও ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও ব্যবহার শাস্তিযোগ্য হলেও মৎস্য খাতে এ-সংক্রান্ত কোনো নীতিমালা নেই। খামারিরা নিজেদের ইচ্ছামতো এসব ওষুধ প্রয়োগ করছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh