Facebook Twitter Instagram YouTube

হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ পার


প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ /
হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ পার

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমশ আশঙ্কাজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা আটশ পেরিয়ে ৮০৩ জনে দাঁড়িয়েছে। প্রাণ হারানোদের মধ্যে সিংহভাগই কোমলমতি শিশু।

বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩৭ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। গত প্রায় চার মাস ধরে দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর এই ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে ৪২ হাজার ১৭৪ জন হাম বা এর উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে বিশ্বের আর কোনো দেশে এত বিপুল সংখ্যক রোগী পাওয়া যায়নি।

জেনেভায় অবস্থিত ডব্লিউএইচও সদর দপ্তরে বিশ্বের ১৬৫টি দেশ থেকে সংগৃহীত প্রাথমিক উপাত্ত বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, ওই ছয় মাসে বিশ্বজুড়ে মোট ১ লাখ ৮৬ হাজার মানুষের দেহে হাম বা এর উপসর্গ মিলেছে। পরিসংখ্যান বলছে, বর্তমানে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে হামের প্রকোপ সবচেয়ে বেশি।

সংক্রমণের দিক থেকে ছয় মাসের বৈশ্বিক তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে এই সময়ে ২৬ হাজার ৬০৭ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ১৪ হাজার ৫২১ জন রোগী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন। তালিকার শীর্ষ ১০টি দেশের অন্যগুলো হলো মেক্সিকো (১২,৪৯৫ জন), পাকিস্তান (১১,০৩৭ জন), ক্যামেরুন (৯,৬৫৩ জন), কাজাখস্তান (৭,৭৩০ জন), গুয়েতেমালা (৬,৮৩২ জন), অ্যাঙ্গোলা (৬,৮১৫ জন) ও সুদান (৫,৭৬৬ জন)।

চলতি বছরের শুরুর দিকে দেশে হঠাৎ করেই শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয় এবং দ্রুত রোগী বাড়তে শুরু করে। তবে স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই রোগের সংক্রমণের তথ্য প্রকাশ করছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin