
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামরিক জোট ন্যাটোর কাছে সহায়তা চাওয়ার বিষয়টি ছিল মূলত জোটটিকে যাচাই করার একটি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। ট্রাম্পের ভাষ্যমতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকৃতপক্ষে কোনো সহায়তার প্রয়োজন ছিল না। ন্যাটোর পেছনে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে থাকে—এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, জোটটি কীভাবে সাড়া দেয়, তা দেখার জন্যই তিনি সহায়তা চেয়েছিলেন। তবে ন্যাটোকে পরীক্ষা করার বিষয়ে তিনি এর চেয়ে বেশি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
সমাবেশে ট্রাম্প ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি তুলে ধরেন। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তারা বর্তমানে ‘সমুদ্রের তলদেশে’ অবস্থান করছে। ইরানের যুদ্ধবিমানগুলোর বর্তমান অবস্থা নিয়েও তিনি মন্তব্য করেন। তার দাবি অনুযায়ী, ইরানের ২২৯টি যুদ্ধবিমান এখন দেশটির বিভিন্ন রানওয়েতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘কার সঙ্গে আলোচনা করব, তা-ই বুঝতে পারছি না।’ ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের নেতারা এখন আর নেই এবং তৃতীয় পর্যায়ের নেতাদেরও অর্ধেক অবশিষ্ট নেই। তবে সমাবেশে তিনি এসব দাবির সপক্ষে কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ তুলে ধরেননি।
আপনার মতামত লিখুন :