Facebook Twitter Instagram YouTube

হামের উপসর্গে দেশে আরও ৫ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ১১০৫


প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ /
হামের উপসর্গে দেশে আরও ৫ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ১১০৫

দেশে মহামারি রূপ নেওয়া হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১০৫ জন। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫টি শিশু এবং বাকি ৭৩০ জনের মৃত্যু হয়েছে হামের বিভিন্ন উপসর্গ নিয়ে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে ৫ জন প্রাণ হারিয়েছেন।

বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। তাদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জনের শরীরে।

আক্রান্তদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din