Facebook Twitter Instagram YouTube

যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল ফ্লাইট, চলছে উদ্ধার অভিযান


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ / ০
যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল ফ্লাইট, চলছে উদ্ধার অভিযান

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলে ছয় আরোহী বহনকারী একটি মেডিকেল ফ্লাইট নিখোঁজ হয়েছে। বারমুডা থেকে বোস্টনের উদ্দেশ্যে যাত্রা করা বিমানটির সাথে মাঝ আকাশে রেডিও ও রাডার যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হওয়ার আগে বিমানটি প্রায় ২৪ হাজার ফুট উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে এসেছিল বলে জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষ বিমানটির সন্ধানে আকাশ ও সমুদ্রপথে তল্লাশি অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, গালফস্ট্রিম জি-১০০ মডেলের এই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin