Facebook Twitter Instagram YouTube

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ নিয়ে সুখবর দিলেন স্কালোনি


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ / ০
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ নিয়ে সুখবর দিলেন স্কালোনি

আবেগে ভরা এক রাতের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানালেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে তার শেষ ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোলের জয় পেয়েছে। ম্যাচে মেসি নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করিয়েছেন। প্রথমে তার সহায়তায় নিকলাস ওতামেন্দি গোল পান, এরপর নিকো পাজের গোলেও অবদান রাখেন মেসি। শেষ গোলটি আসে পেনাল্টি থেকে। বিদায়টা তিনি বেশ ভালোভাবেই রাঙিয়েছেন।

ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি মেসিকে ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। আর্জেন্টিনাকে তিনি বড় এক সুখবরও দিয়েছেন এবং নিজের থাকা নিয়ে একটি ইঙ্গিত দিয়েছেন। স্কালোনির চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে আরেকটি বিশ্বকাপ চক্রের জন্য রাখতে চায়। তবে স্কালোনি বলেছেন, এ বিষয়ে এখনো নতুন কোনো খবর নেই।

মেসিকে ছাড়া দলের পথচলা যে কঠিন হবে, তা অকপটে স্বীকার করেছেন কোচ। তিনি বলেন, মেসি নিজেও আজ সেটি বলেছেন। গত কয়েক বছরে আর্জেন্টিনা যা দেখেছে তা স্বাভাবিক নয়। স্কালোনি আরও জানান, কঠিন সময় আসতে পারে, তবে তারা তা মোকাবিলায় সক্ষম। নতুন ও তরুণ খেলোয়াড়রা তাদের অনেক কিছু দেবে। তবে মেসিকে পাশে পাওয়ার অনুভূতি অতুলনীয়, যা অন্য কিছুর সঙ্গে তুলনা করা কঠিন। মানুষকে বোঝানোও কঠিন, এটি নিজে অনুভব করতে হয়। আমরা যতই ভালো দল গড়ি, এই অনুভূতির সঙ্গে তার তুলনা চলে না।

তিনি আরও বলেন, নতুন যেসব ছেলে উঠে আসছে, তাদের নিয়ে আমরা দারুণ একটি দল গড়তে পারি। কিন্তু ওই আভা আমি জীবনে আর দেখিনি। মেসি যা তৈরি করেন, তা আর থাকবে না। আমরা নতুন উপায় খুঁজব, তবে সেই অনুভূতি থাকবে না। তাকে পাশে পাওয়াটা অবিশ্বাস্য ছিল। এখন আমাদের তাকে ছাড়াই এগোতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor