
‘এনসিটিবির দরপত্রে বড় কারসাজি : বিনামূল্যে পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট’ শিরোনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মুহাম্মদ আবু নাছের টুকু স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই ব্যাখ্যা প্রদান করা হয়।
প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়েছে, বিনামূল্যে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। এই কার্যক্রমের প্রতিটি পর্যায়ে, যেমন দরপত্র আহ্বান, মূল্য নির্ধারণ, মুদ্রণপ্রতিষ্ঠান নির্বাচন এবং বইয়ের মান ও সরবরাহ তদারকির ক্ষেত্রে প্রযোজ্য সব বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। সরকারি অর্থের সাশ্রয় ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য যাচাই করে নিয়ম মেনেই কাজ সম্পন্ন করেছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে ২০২৬ শিক্ষাবর্ষে ফর্মাপ্রতি গড় প্রাক্কলিত দর ২ টাকা ৩১ পয়সা থেকে ২০২৭ শিক্ষাবর্ষে ৩ টাকা ৩২ পয়সায় উন্নীত হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয় বলে এনসিটিবি দাবি করেছে। তাদের তথ্য অনুযায়ী, মাধ্যমিক স্তরে ২০২৬ শিক্ষাবর্ষে ফর্মাপ্রতি গড় প্রাক্কলিত দর ছিল ৩ টাকা ১৫ পয়সা, যা ২০২৭ শিক্ষাবর্ষে সংশোধিত হয়ে ৩ টাকা ২৫ পয়সা হয়েছে। এতে বৃদ্ধির হার ৩ দশমিক ১৭ শতাংশ। একইভাবে প্রাথমিক স্তরে ২০২৬ শিক্ষাবর্ষে দর ছিল ৩ টাকা ৫০ পয়সা, যা ২০২৭ শিক্ষাবর্ষে সংশোধিত হয়ে ৩ টাকা ৬১ পয়সা হয়েছে এবং বৃদ্ধির হার ৩ দশমিক ১৪ শতাংশ।
এনসিটিবির ব্যাখ্যায় জানানো হয়, ২০২৬ থেকে ২০২৭ শিক্ষাবর্ষের মধ্যবর্তী সময়ে প্রায় ১০ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে। সেই সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় কাগজের পাল্প, মুদ্রণ ও পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। মুদ্রণপ্রতিষ্ঠানের ৭৫ জন প্রতিনিধি জ্বালানি ও অন্যান্য উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়ে আবেদন করলে এনসিটিবির ৪২৩তম বোর্ড সভায় তা নিয়ে আলোচনা হয়। এরপর সংশ্লিষ্ট কমিটিগুলো সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫-এর ২৫(৯) ও ২৫(১০) বিধি অনুসরণ করে প্রাক্কলিত দর পুনর্নির্ধারণ করে।
দরপত্র প্রকাশের বিষয়ে এনসিটিবি জানায়, অনুমোদিত সংশোধিত প্রাক্কলিত দর ইজিপি পদ্ধতিতে সংশ্লিষ্ট কমিটি ইনপুট দিয়েছে এবং ক্রয়কারী কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ফলে দর প্রকাশের বিষয়ে প্রতিবেদনে যে অভিযোগ আনা হয়েছে, তা অসত্য বলে দাবি করেছে এনসিটিবি।
আপনার মতামত লিখুন :