
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেস ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক চীনা প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর দুপুরের এই দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে জুয়েল (৩৬) নামের অপর এক শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন—চীনা প্রকৌশলী জেংলিং হং (৫৩), শ্রমিক শরিফুল ইসলাম (২৭) এবং মনির হোসেন (২৭)। মনির হোসেনের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে ফার্মিক স্টিল কারখানায় কাজ করার সময় ফার্নেসের ত্রুটিজনিত কারণে গলিত লোহা ছিটকে চারজন গুরুতর দগ্ধ হন। ঘটনার পরপরই তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। এরপর আশঙ্কাজনক অবস্থায় শরিফুল ইসলাম ও চীনা প্রকৌশলী জেংলিং হংকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ১ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে শরিফুল ইসলামের মৃত্যু হয়। একই দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মনির হোসেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চীনা প্রকৌশলী জেংলিং হংও।
এদিকে, নিহত শ্রমিক শরিফুল ইসলামের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে এই ক্ষতিপূরণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। শনিবার সন্ধ্যায় জোরারগঞ্জ থানায় এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও নিহতের পরিবারের সদস্যদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা না হলেও পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :