Facebook Twitter Instagram YouTube

রবিবার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ /
রবিবার বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রবিবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন বলে তাঁর কার্যালয় নিশ্চিত করেছে। সেদিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন।

এর আগে, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন তিনি। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রবিবার বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে প্রবেশ করবেন।

এদিকে বঙ্গভবনে ওঠার আগে শনিবার সকাল সাড়ে ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর তাঁকে সেনা, নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মিন্টো রোডের বাসায় ফিরবেন। পরবর্তীতে তিনি তাঁর গুলশানের বাসভবনেও যেতে পারেন বলে জানা গেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor