
রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক পরিচিত শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ দিনের রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে রোববার রাত সাড়ে ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সুইডেন আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে তুলে দেওয়া হয়। থাইল্যান্ড থেকে দেশে ফেরার মাত্র চার দিনের মাথায় আবারও সেদেশে যাওয়ার চেষ্টাকালে তিনি ধরা পড়েন। সোমবার দুপুরের দিকে তাকে টিটন হত্যা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
এক ব্রিফিংয়ে ডিএমপির ডিসি মো. আকতার হোসেন বলেন, সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি একাধিক মামলা রয়েছে। চলতি বছরের গত ২৮ এপ্রিল নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। পুলিশি তদন্তে ওই হত্যাকাণ্ডে আসলামের নাম উঠে আসায় তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। পুলিশের আশা, রিমান্ডে জিজ্ঞাসাবাদ ও অধিকতর তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে তার সুনির্দিষ্ট ভূমিকা স্পষ্ট হয়ে উঠবে।
সুইডেন আসলাম কোনো নজরদারিতে ছিলেন কি না কিংবা অন্যান্য সন্ত্রাসীদের বিষয়ে ডিএমপির পদক্ষেপ প্রসঙ্গে ডিসি আকতার হোসেন জানান, চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারি নিয়মিত রাখা হচ্ছে এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুযোগ ও সক্ষমতা তৈরির সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এ ধরনের আইনি অভিযান অব্যাহত থাকবে। আসলামের অন্যান্য পুরনো মামলার বিষয়ে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে থাকা বেশ কিছু মামলা এখনো তদন্তাধীন এবং কয়েকটিতে এরই মধ্যে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সব মামলার নথি পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নিউমার্কেটে খুন হওয়া খন্দকার নাঈম আহমেদ টিটন ছিলেন অপর শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকারের ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় টিটনের নাম দ্বিতীয় স্থানে ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
গ্রেপ্তারকৃত সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া গ্রামে তার পৈতৃক বাড়ি হলেও পরিবারের সঙ্গে তিনি রাজধানীর ইন্দিরা রোডে থাকতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমান তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে তিনি এসএসসি পাস করেন।
অপরাধজগতের ইতিহাস থেকে জানা যায়, ১৯৮৬-৮৭ সালের দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় আসলামের প্রভাব তৈরি হয়। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিল হত্যার ঘটনায় আসলাম প্রথম বড় ধরনের আলোচনায় আসেন। নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও পার্শ্ববর্তী অপরাধ অঞ্চল নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ, যার অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। ১৯৯০ সালের পর এলাকার আধিপত্য নিয়ে রানা গ্রুপের সঙ্গে আসলামের তীব্র বিরোধ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত।
পরবর্তীতে ১৯৯৬ সালে আসলাম পিচ্চি হান্নানকে নিজের দলে ভিড়িয়ে নেন। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা খুন হলে আসলাম ও হান্নানের নাম আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, হান্নানকে ব্যবহার করেই আসলাম ওই হত্যাকাণ্ড ঘটান। রানার মৃত্যুর পর তেজগাঁও, কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলাম একক আধিপত্য বিস্তার করেন। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের মূল দায়িত্ব তিনি পিচ্চি হান্নানকে দিলেও পুরো চাঁদাবাজি ও অপরাধের সাম্রাজ্য পরিচালিত হতো সুইডেন আসলামের নামেই।
আপনার মতামত লিখুন :