Facebook Twitter Instagram YouTube

পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিলেন কামারুম মুনিরা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ণ / ০
পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব নিলেন কামারুম মুনিরা

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর কামারুম মুনিরা গণমাধ্যমকে জানিয়েছেন যে, তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চান।

এর আগে তিনি পুলিশ সদরদপ্তরের ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কাজ করেছেন। সিআইডি থেকে পরবর্তীতে তিনি পুলিশ সদরদপ্তরে বদলি হন এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কামারুম মুনিরা ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি পুলিশ ক্যাডারের সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন। ২০২৫ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

এদিকে, পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে পুলিশ সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin