Facebook Twitter Instagram YouTube

এআই প্রযুক্তিযুক্ত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তদারকি করলেন কিম জং উন


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ / ০
এআই প্রযুক্তিযুক্ত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তদারকি করলেন কিম জং উন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার মেয়ে জু আয়ে এবং স্ত্রী রি সোল জুকে সঙ্গে নিয়ে নতুন একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ মহড়া তদারকি করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা উড্ডয়নকালে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে।

এর আগে কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দাবি করেছিলেন যে, এআই প্রযুক্তির কারণে ক্ষেপণাস্ত্রটি কম উচ্চতায় নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম। তার দাবি অনুযায়ী, এর ফলে এই ধরনের হামলা এড়ানোর কোনো উপায় নেই। কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উন উৎক্ষেপণস্থল পরিদর্শন করছেন এবং তার পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছেন। এর মধ্যে কিমের মেয়ে জু আয়েকে ২০২২ সাল থেকে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামরিক অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে, যা তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জোরালো ইঙ্গিত দেয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্যমতে, শনিবার ভোরে পূর্ব উপকূলীয় শহর ওয়ানসানের নিকটবর্তী এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় এবং এটি ৭০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে। এই উৎক্ষেপণকে হাইপারসনিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণের অংশ হিসেবে বর্ণনা করেছে পিয়ংইয়ং।

উৎক্ষেপণ শেষে কিম জং উন তার বাহিনীর পেশাগত সক্ষমতা ও পাল্টা হামলার প্রস্তুতির প্রশংসা করেন। তিনি বলেন, শত্রুকে কৌশলগত আক্রমণাত্মক সক্ষমতার নির্ভরযোগ্যতা ও প্রাণঘাতী ক্ষমতা সম্পর্কে বারবার উপলব্ধি করানোর দায়িত্বশীল প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক দিন আগেই অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) বিস্ফোরণের ঘটনায় তিন দক্ষিণ কোরীয় সেনা আহত হওয়ার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছিল সিউল। তবে পিয়ংইয়ং সেই দায় অস্বীকার করেছে এবং শুক্রবার দক্ষিণ কোরিয়াকে জঘন্য ভাষায় আক্রমণ করেছে। এই উত্তেজনার ফলে দুই দেশের মধ্যে সংলাপ শুরুর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh