
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি নিজেই এ হামলার তথ্য প্রকাশ্যে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকার বাগোয়ান গ্রামে অবস্থিত সংসদ সদস্যের বাড়িতে এই হামলাটি চালানো হয়। ঘটনার পর পর স্থানীয় বাসিন্দা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সমর্থ হন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ একই পোস্টে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে একই ঘটনার কথা নিশ্চিত করে দাবি জানান।
এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির কুষ্টিয়া জেলা সদস্য সচিব সুলতান মারুফ তালহা। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন সাহসী যোদ্ধা ও পার্লামেন্ট মেম্বারের গ্রামের বাড়িতে এভাবে পেট্রোল বোমা হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, একজন এমপির বাড়িই যদি এমন হামলার ঝুঁকিতে থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
আপনার মতামত লিখুন :