
ইরানের পক্ষ থেকে সামরিক সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার যে শান্তি প্রস্তাব দেওয়া হয়েছিল, তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। এই সিদ্ধান্তের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে ১০৫ দশমিক ৬৪ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১১ ডলারে দাঁড়ায়।
গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ইরান এই শান্তি উদ্যোগের কথা জানায়। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি ওয়াশিংটনে পাঠানো হয়েছিল বলে নিশ্চিত করেছে তেহরান। শনিবার ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবে রোববার অ্যাক্সিওসের সঙ্গে আলাপকালে তিনি জানান, চলতি সপ্তাহে মার্কিন আলোচকরা ইরানের সঙ্গে আরও আলোচনায় বসবেন বলে তিনি আশাবাদী।
বাজারের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেলেও ডব্লিউটিআইয়ের দাম ৭ দশমিক ৯ শতাংশ কমেছিল। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় ডিজেল রপ্তানি নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় ডব্লিউটিআইয়ের দামে বড় পতন দেখা দিয়েছিল, যা শোধনাগারগুলোর উৎপাদন কমিয়ে দিতে পারে বলে শঙ্কা রয়েছে।
এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরবরাহ বাড়ানোয় সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ১ কোটি ২৮ লাখ ব্যারেলে পৌঁছেছে। কেপলারের প্রাথমিক জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই সর্বোচ্চ রপ্তানি। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবারও বাড়ায় এই রপ্তানি বৃদ্ধি হয়েছে, যেখানে চলতি মাসে প্রতিদিন প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল পরিবহনের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটি লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে রপ্তানি কমিয়ে পূর্বাঞ্চলের রাস তানুরা টার্মিনাল দিয়ে তেল সরবরাহ বাড়িয়েছে।
আপনার মতামত লিখুন :