
পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় মো. মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দীন খান এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত মিজানুর রহমান ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ী গ্রামের আলহাজ্ব মোড় পশ্চিমপাড়া এলাকার হাসেম প্রামাণিকের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে নিজ এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ। সে সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় জিআর-১০৯/১৩ নম্বর মামলাটি দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর সোমবার আদালত এই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাজিউর রহমান রঞ্জু এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :