Facebook Twitter Instagram YouTube

পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি


প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ / ০
পুলিশের যানবাহনে হামলার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ ও বাসসহ বিভিন্ন যানবাহনের ওপর হামলা হওয়ার ঝুঁকি রয়েছে। দায়িত্ব পালনকালে কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে সেগুলোকে নিরাপদ স্থানে পার্কিং করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দায়িত্ব শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড কিংবা অন্যান্য নির্ধারিত স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তাও বাড়াতে বলা হয়েছে। এসব এলাকায় নিয়মিত টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক বিবেচনায় নিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে বোমা উদ্ধার করা হয় এবং পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে একটি পরিত্যক্ত বস্তা নিয়ে আতঙ্ক ছড়ায়। সর্বশেষ শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় এবং একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। যদিও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে এবং এটি তারই অংশ। তিনি বলেন, পুলিশকে সক্রিয় ও সতর্ক রাখতে এই বার্তা দেওয়া হয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo