Facebook Twitter Instagram YouTube

বিহারের বাঁকিপুরে বিজেপির ৩০ বছরের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ /
বিহারের বাঁকিপুরে বিজেপির ৩০ বছরের দুর্গ ভাঙলেন প্রশান্ত কিশোর

রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে রাজনীতিক হয়ে ওঠা প্রশান্ত কিশোর এবার নিজেই নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন। বিহারের রাজধানী পাটনার বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি ভেঙে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জন সুরাজ পার্টির (জেএসপি) প্রধান প্রশান্ত কিশোর ৬৪ হাজার ১৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার পেয়েছেন ৪৪ হাজার ৮২৭ ভোট। ফলে ১৯ হাজার ৩২৪ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন প্রশান্ত কিশোর। এই নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী রেখা কুমারী ১৪ হাজার ২৭৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশান্ত কিশোর বলেন, তিনি মাত্র ৩০ দিনে বিজেপির ৩০ বছরের ঘাঁটি ভেঙে দিয়েছেন। তিনি বাঁকিপুরের ভোটারদের ধন্যবাদ জানিয়ে বিহারের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রশান্ত কিশোর বলেন, 'তিন মাসের মধ্যেই বাঁকিপুরে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। শুধু আমাকে তিন মাস সময় দিন।' এছাড়া তিনি উল্লেখ করেন, তার দরজা পুরো বিহারের মানুষের জন্য খোলা। তিনি আরও বলেন, বিহারের মানুষ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছেন যে তারা রাজ্যের নেতৃত্বে অপরাধমূলক অতীত বা বিতর্কিত ভাবমূর্তির কাউকে দেখতে চান না।

এদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী প্রশান্ত কিশোরকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, গণতন্ত্রের এই মহোৎসবে বাঁকিপুর উপনির্বাচনে জনগণ জন সুরাজকে বেছে নিয়েছে এবং তিনি এই রায়কে সম্মান জানান।

বাঁকিপুর আসনটি দীর্ঘদিন ধরে বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সাবেক বিধায়ক নীতিন নবীন এখান থেকে একাধিকবার নির্বাচিত হয়ে দলের জাতীয় পর্যায়ের নেতৃত্বে উঠে এসেছিলেন। সম্প্রতি তিনি রাজ্যসভায় যাওয়ায় আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়। প্রার্থী মনোনয়ন নিয়েও বিজেপিকে বেশ জটিলতায় পড়তে হয়েছিল। অভিষেক কুমার সিনহা পারিবারিক কারণ দেখিয়ে সরে দাঁড়ালে যুবনেতা নীরজ কুমারকে প্রার্থী করা হয়। এছাড়া কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন ইস্যুতে এই নির্বাচন বেশ উত্তপ্ত ছিল। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন বিহারের তরুণ ভোটারদের রাজনৈতিক অবস্থান যাচাইয়ের একটি বড় পরীক্ষা ছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy