Facebook Twitter Instagram YouTube

গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান অসম্ভব: প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ /
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান অসম্ভব: প্রধানমন্ত্রী

গাড়ির লংমার্চ করে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করা যেত না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধীদলের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকটে দেশের মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এই সংকট মোকাবিলায় সরকার বিরোধীদলীয় বন্ধুদের সহযোগিতা প্রত্যাশা করেছিল। কিন্তু তার পরিবর্তে বিএনপি বিশাল এক গাড়ির লংমার্চের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ মনে করে জনগণকে অযথা উত্তেজিত করে ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, লংমার্চের মাধ্যমে যদি গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান হতো, তবে সরকার নিজেই সবার আগে এই কর্মসূচির আয়োজন করত।

সংসদ সদস্যদের দায়িত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সরকারি বা বিরোধীদল—সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব হলো বাস্তব পরিস্থিতি জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া ফ্যাসিবাদী শাসনামলের সমস্যাগুলোকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চায় না বর্তমান সরকার। বরং এই সংকট মোকাবিলায় সরকার সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে, যাতে জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বিগত আওয়ামী সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় যুদ্ধের অজুহাত দেখিয়ে অফিসের সময়সূচি পরিবর্তন, স্কুলের ছুটি বাড়ানো এবং ব্যাংকের লেনদেনের সময়সীমা কমিয়ে আনা হয়েছিল। কুইক রেন্টালের নামে কিছু গোষ্ঠীকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে ঋণগ্রস্ত ও ফতুর করে দেওয়া হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। সরকার এখন আর কোনো অজুহাত তুলে জনগণের সমস্যার সমাধান এড়িয়ে যেতে চায় না বলে তিনি জানান।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh